দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আদিতমারীতে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সভা করেছেন নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আদিতমারী উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও নবগঠিত কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার যুবদলের কেন্দ্রীয় কমিটি সদর উপজেলা ও আদিতমারী উপজেলার এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়।
ঘোষিত কমিটিতে সদর উপজেলায় মিজানুর রহমান লাভলুকে আহ্বায়ক এবং ফখরুল ইসলাম লাভলুকে সদস্য সচিব করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আর আদিতমারী উপজেলায় এ.কে.এম হাসানুল হক বান্নাকে আহ্বায়ক এবং আবু বক্কর সিদ্দিক বাক্কারকে সদস্য সচিব করে ১৩ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আদিতমারী উপজেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক এইচ.এম ইদ্রীস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নবগঠিত কমিটির আহ্বায়ক এ.কে.এম হাসানুল হক বান্না, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ভূঁইয়া, অলিউর রহমান ফারুক ও সাইফুল ইসলাম অপুসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।