বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না। দীর্ঘ ১৮ বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে পতন ঘটিয়ে গণতন্ত্র ধারায় ফিরেছে বাংলাদেশ।  এই গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। আর তাই এ দেশের মাটিতে আর কখনো স্বৈরাচার ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না।
 
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথায় সদর বাজার সংলগ্ন ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শামা ওবায়েদ বলেন, এই সালথা উপজেলা স্থাপন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি এটা সালথা উপজেলা। আমাদের দুর্ভাগ্য যে- বিনা ভোটের একটি স্বৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিল। এখানে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ ভালো থাকতে পারত না। এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। 
 
ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা ওসি মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, বিএনপি নেতা আছাদ মাতুব্বর। 
 
এ সময় সালথা উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।