এমবাপ্পের ঘোষণা, 'এবার লা লিগা জিতবে রিয়াল'

বিশ্বকাপের ছুটি কাটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। অনুশীলনে যোগ দেওয়ার পরপরই রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন মৌসুমের প্রস্তুতি, নতুন কোচ হোসে মরিনহোর অধীনে কাজ করা এবং দলের প্রধান লক্ষ্য নিয়ে নিজের ভাবনা স্পষ্ট করেছেন তিনি।

বিশ্বকাপ চলাকালীন কোচ মরিনহোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জানিয়ে এমবাপ্পে বলেন, "মরিনহো এবং আমি বিশ্বকাপ চলাকালীন অনেক কথা বলেছি। এমন একজন অভিজ্ঞ কোচকে পাওয়া দলের জন্য খুবই ইতিবাচক, যিনি জানেন কীভাবে ট্রফি জিততে হয় এবং সঠিক দিকনির্দেশনা দিতে হয়। ক্লাবের প্রতিটি খেলোয়াড়ই তাঁর অধীনে খেলতে মুখিয়ে আছে।"

নতুন মৌসুম ও লা লিগার লড়াই শুরুর আগে নিজের সেরা ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন এই ফরাসি তারকা। প্রথম ম্যাচ থেকেই যেন দলকে সেরাটা দিতে পারেন, সেভাবেই বালদেবেবাসে অনুশীলনের চাপ বাড়াচ্ছেন বলে জানান তিনি।

লা লিগাসহ অন্যান্য শিরোপা পুনরুদ্ধারের বিষয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে স্পষ্ট জানিয়ে দেন, "আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত যে এবার আমরা আবারও লা লিগাসহ বড় সব শিরোপা জিততে যাচ্ছি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলার মূল উদ্দেশ্যই হলো ট্রফি জেতা। আমি এখানেই এসেছি শিরোপার উৎসব করতে এবং সমর্থকদের মুখে হাসি ফোটাতে।"

 

রিয়াল মাদ্রিদে নিজের অভিষেকের স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, প্রথম ম্যাচেই গোল করে ট্রফি নিয়ে পথচলা শুরু করাটা দারুণ এক অভিজ্ঞতা ছিল। নতুন মৌসুমে মাদ্রিদ সমর্থকদের সর্বাত্মক সমর্থন চেয়ে তিনি আশা প্রকাশ করেন, সবাই মিলে এবার এক অনন্য উচ্চতায় পৌঁছাবে রিয়াল মাদ্রিদ।