টিজারে চমক দেখালেন জায়েদ খান

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থানরত ঢালিউড অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন নতুন এক পরিচয়ে। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিভিন্ন শোয়ে পারফর্ম ও উপস্থাপনার পর এবার তাকে দেখা যাবে একটি বিগ বাজেটের গানের ভিডিওচিত্রের মডেল হিসেবে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘শিকারি’র টিজার, যেখানে বেশ ভিন্নরূপে ধরা দিয়ে চমক সৃষ্টি করেছেন এই অভিনেতা।

গত বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া কয়েক সেকেন্ডের টিজারে একাধিক আমেরিকান নারী মডেলের সঙ্গে রাজকীয় স্টাইলে নাচতে ও গাইতে দেখা গেছে তাকে। বাংলাদেশি নির্মাতা বদরুদ্দৌজা সাগরের পরিচালনায় যুক্তরাষ্ট্রে নির্মিত এই মিউজিক ভিডিওতে জায়েদ খানের মূল সহশিল্পীর ভূমিকায় রয়েছেন মডেল ইয়াসমিন। তাদের পাশাপাশি অংশ নিয়েছেন নিনা, মারিয়ানা, জুলিয়া, কারলা, কামিলা ও মিলানাসহ একাধিক বিদেশি মডেল।

যুক্তরাষ্ট্রের দৃষ্টিনন্দন নানা লোকেশনে চিত্রায়িত এই ব্যয়বহুল প্রজেক্টটিতে স্টেডিক্যাম অপারেটর এনরিক ক্যামাচোসহ সেখানকার আন্তর্জাতিক মানের দক্ষ কারিগরি দল কাজ করেছে।

নতুন এই কাজ নিয়ে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়ে জায়েদ খান বলেন, টিজারটি প্রকাশের পর থেকেই ভক্তদের কাছ থেকে প্রচুর প্রশংসা ও দারুণ সাড়া পাচ্ছেন তিনি। তবে পুরো মিউজিক ভিডিওটি প্রকাশ পেলে দর্শকরা আরও বেশি মুগ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন এই নায়ক। এখন পুরো ভিডিওচিত্রটি দর্শকদের কতটা নজর কাড়ে, সেটিই দেখার অপেক্ষা।