আবেগঘন বার্তায় টটেনহ্যামকে বিদায় জানালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী

দীর্ঘ ৫ মৌসুমের সম্পর্ক শেষে প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছেড়ে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান "কুটি" রোমেরো। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খোলা চিঠির মাধ্যমে এই বিদায়ের কথা নিশ্চিত করেছেন ২৮ বছর বয়সী এই বিশ্বজয়ী ডিফেন্ডার।

প্রায় ৪ কোটি ইউরোর বিনিময়ে (৫৬০ কোটি টাকা) ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন রোমেরো। লা লিগায় খেলার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতেই তিনি এই ট্রান্সফারে সম্মতি দেন। এর আগে ইন্টার মিলান ৩৫ মিলিয়ন+৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিলেও সিউটির পছন্দ ছিল স্প্যানিশ লিগ।

পোস্টে রোমেরো লেখেন, "পাঁচটি বছর এটি স্রেফ একটি ক্লাব ছিল না, এটি ছিল আমার ঘর। আমি স্মৃতিতে ভরা হৃদয় আর অর্জনের বিশাল গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। আমি একসময় তোমাদেরই একজন ছিলাম, আর আজ তোমাদের একজন হয়েই চিরদিনের জন্য বিদায় নিচ্ছি।"

২০২১ সালে ইতালির আতালান্তা থেকে আসার পর স্পার্সের হয়ে ১৫৬ ম্যাচে ১৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেন তিনি। ২০২৪/২৫ মৌসুমে তার নেতৃত্বেই ৪১ বছরের আন্তর্জাতিক ট্রফির খরা কাটায় টটেনহ্যাম উয়েফা ইউরোপা লিগ জিতে।

হাঁটুর ইনজুরির কারণে গত মৌসুমের শেষ ভাগে এবং সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সুস্থ হয়ে অবশেষে স্প্যানিশ ফুটবলে নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত কুটি রোমেরো।