ঢাকাসহ সাত অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের অন্তত সাতটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

শনিবার (১৫ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। 

পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে।