বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরিবারের বেশিরভাগ সদস্যও সেদিনের নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত পালন করে আসছিল বিগত আওয়ামী লীগ সরকার। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দিবসটি আগের মতো আনুষ্ঠানিকভাবে পালন করা হচ্ছে না। এর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে দিনটি ঘিরে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন দেশের বেশ কয়েকজন তারকা।
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্যের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে লিখেছেন, ‘১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শ্রদ্ধা ও শোকে স্মরণ।’ অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার দীর্ঘ বক্তব্যে ইতিহাসের নানা ব্যাখ্যা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেছেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তিনি আরও গভীরভাবে উপলব্ধি করেছেন- ইতিহাস কীভাবে বিকৃত, পরিবর্তিত কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে। তাই কোনো একক বয়ানের ভিত্তিতে ইতিহাস নিয়ে চূড়ান্ত মন্তব্য করতে চান না তিনি।
তবে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যেসব সদস্য তার সঙ্গে নিহত হয়েছিলেন, তাদের হত্যাকাণ্ডের নির্মমতা ও অন্যায় অস্বীকার করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন বাঁধন। তার ভাষ্য, রাজনৈতিক মতপার্থক্য কিংবা ইতিহাসের ভিন্ন ব্যাখ্যা কখনোই মানুষের জীবনের মূল্যকে খাটো করতে পারে না এবং কোনো সহিংসতাকেও ন্যায্যতা দিতে পারে না।
অভিনেতা আরশ খান বঙ্গবন্ধুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রতি বছরই বিপদে ফেলে দেন। আবারও ফেলবেন জানি। আপনার আত্মার শান্তি কামনা করছি।’ জুলাই অভ্যুত্থানে সরব ছিলেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। তিনি বঙ্গবন্ধুর ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ...’
এ ছাড়া অভিনেতা চঞ্চল চৌধুরী, মিলন ভট্টাচার্য, নাজিফা তুষি, মাহিয়া মাহি, অরুণা বিশ্বাস, তুষ্টি, তানভীন সুইটি, দোয়েল, কণ্ঠশিল্পী কোনাল, পান্থ কানাই, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, দীপঙ্কর দীপন, মেজবাউর রহমান সুমনসহ শোবিজ অঙ্গনের আরও কয়েকজন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে ১৫ আগস্ট উপলক্ষে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।