জন্মদিনে আইয়ুব বাচ্চুকে নিয়ে আট ব্যান্ডের বিশেষ উদ্যোগ

আগামীকাল ১৬ আগস্ট দেশীয় রক সংগীতের ধ্রুবতারা আইয়ুব বাচ্চুর জন্মদিন। আর বিশেষ এই দিন উপলক্ষে জনপ্রিয় ২০টি গান এবার ফিরছে নতুন সংগীতায়োজনে। ‘রুপালি গিটার’, ‘নীল বেদনা’, ‘মাধবী’, ‘সেই তুমি’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’র মতো শ্রোতাপ্রিয় গানগুলো নতুন করে গাইবেন দেশের ৮টি ব্যান্ড ও ১২ জন শিল্পী।  ‘উত্তরাধিকার’ শিরোনামের বিশেষ এই অ্যালবামটি ডাবল সিডি ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। শুধু গান প্রকাশেই সীমাবদ্ধ থাকছে না উদ্যোগটি। এই প্রকল্প থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম তৈরির কাজে। 

জানা গেছে, ‘উত্তরাধিকার’ অ্যালবামে অংশ নিয়েছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন। অ্যালবামের সব গানের মাস্টারিং করেছেন ইকবাল আসিফ জুয়েল। 

নতুন আয়োজনে আইয়ুব বাচ্চুর গানগুলো কে গেয়েছেন, তার তালিকাও বেশ বৈচিত্র্যময়। দলছুট গেয়েছে ‘রুপালি গিটার’, আরবোভাইরাস ‘নীল বেদনা’, সোনার বাংলা সার্কাস ‘গতকাল রাতে’, শুভযাত্রা ‘চলো বদলে যাই’, ক্যালিপসো ‘চাঁদ মামা’, রকসল্ট ‘অচেনা জীবন’, ডোপামিন ‘মাধবী’ এবং এ কে রাহুল ‘মন চাইলে মন’। 

একক শিল্পীদের মধ্যে বাবনা করিম ও রাসেল আলী গেয়েছেন ‘হাসতে দেখো’, রোমেল আলী ‘এখন অনেক রাত’, চন্দন জামান আলী-মেনন ‘মেয়ে’, কানিজ সুবর্ণা ও সাজ্জাদ ‘কষ্ট পেতে ভালোবাসি’, পলাশ ‘আপন কেহ নাই’, জয় শাহরিয়ার ‘কষ্ট কাকে বলে’, অদিত ‘ঘুমন্ত শহরে’, বখতিয়ার হোসেন ‘রাতের তারা’, আতিকা ইয়ামিন ‘ফেরারি এই মন’, অটামনাল মুন ‘হকার’, কনক আচার্য্য ‘নীরবে’ এবং তওফিক-এবি-মেনন ‘বাংলাদেশ’ গেয়েছেন।