ঝিনাইদহে নিখোঁজের চারদিন পর যুবকের মরদেহ উদ্ধার 

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালি এলাকায় থেকে  নিখোঁজের চারদিন পর রমজান আলী (৪৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সদর উপজেলার বিষয়খালী বাজারের পাশে বেগবতী নদী থেকে ভাসমান ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রমজান আলী সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মোদাচ্ছের আলীর ছেলে।

তিনি ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে। 

নিহতের স্বজনরা জানায়, গত চারদিন আগে নিখোঁজ হয় রমজান আলী। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়রি করে তার পরিবারের লোকজন। পরে দুপুরে বেগবতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আসাদুজ্জামান জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবার লাশটি নিজেদের বলে নিশ্চিত করেছেন।