চট্টগ্রাম নগরে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পাঠানটুলি এলাকার চট্টেশ্বরী গায়েবি মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান সোহাগ জানান, নিহতের পরনে শুধু লুঙ্গি ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পুকুরের পানিতে তলিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, পুকুর পাড়ে লুঙ্গি ও সাবান রাখা আছে। সম্ভবত তিনি গোসল করতে নেমেছিলেন। কীভাবে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া ওই যুবককে এলাকার কেউ চিনতে পারছেন না। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।