জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক শাহ জাহান

জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলনে সোনালী ব্যাংক পিএলসির এসপিও মো. মোস্তাফিজুর রহমান সভাপতি এবং জনতা ব্যাংক পিএলসির এসপিও শাহ জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সংগঠনের কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেবিএবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন তফসিলি ব্যাংকের বিপুলসংখ্যক ব্যাংকার উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. মোস্তাফিজুর রহমান ২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে শাহ জাহান ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনকে কেন্দ্র করে তফসিলি ব্যাংকের বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে জেবিএবি নির্বাচন পরিচালনা কমিশন-২০২৬-এর সার্বিক তত্ত্বাবধানে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহ জাহান সংগঠনের সদস্যদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জেবিএবির ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়ানো, ব্যাংকারদের পেশাগত মর্যাদা রক্ষা, সদস্যদের কল্যাণ এবং ব্যাংকারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচনের মধ্য দিয়ে জেবিএবির নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ, শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সম্মেলনে অংশ নেওয়া ব্যাংকাররা।