রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড এবং বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। রূপায়ণ হাউজিংয়ের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান এবং ডক্টরস ফাউন্ডেশনের পক্ষে চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল, দেশবরেণ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও গ্রুপের উপদেষ্টা প্রফেসর ড. এম. শামীম জেড. বসুনিয়া, উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, হেড অফ ব্র্যান্ড এন্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেকসহ অন্যরা উপস্থিত ছিলেন। ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান ডা. শাহেদ রফি পাভেল, প্রধান উপদেষ্টা প্রফেসর ডা. এম. এ. বাকী, ফাউন্ডার ডা. নিরুপম দাস, উপদেষ্টা ডা. এ. এম. পারভেজ রহিম এবং উপদেষ্টা ডা. হালিদা হানুম আখতারসহ অন্যরা অনুষ্ঠানে অংশ নেন।

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল বলেন, বিনিয়োগকারীদের আস্থা, সমর্থন ও দীর্ঘদিনের অংশীদারিত্বই রূপায়ণ গ্রুপের মূল শক্তি। এ আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়; এটি পারস্পরিক বিশ্বাস, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনার উদযাপন।

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির হোসেন খান বলেন, বিশ্বাস, আস্থা, উদ্ভাবন ও উৎকর্ষের মাধ্যমে গ্রাহক ও অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে রূপায়ণ হাউজিং সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এ আয়োজন দুটি প্রতিষ্ঠানের মধ্যে অর্থবহ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করছে।

এ সময় ধানমন্ডিতে শুরু হতে যাওয়া রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের প্রিমিয়াম কন্ডোমিনিয়াম প্রজেক্ট ‘রূপায়ণ গ্রিন প্যারাডাইস’-এর সফট লঞ্চ করা হয়। পাশাপাশি প্রকল্পের বর্তমান সাইটের ভিজুয়াল ভিডিও প্রদর্শন করা হয়। এ সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ বিনিয়োগকারী অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি যৌথ উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকারকে আরও শক্তিশালী করেছে। এতে দুই প্রতিষ্ঠানের সহযোগিতা আরও বিস্তৃত হওয়ার সুযোগ রয়েছে।