পাদিক্কালের প্রথম টেস্ট সেঞ্চুরিতে স্বস্তি ভারতে

দেবদত্ত পাদিক্কালের দুর্দান্ত সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিনই চালকের আসনে বসেছে  ভারত। প্রথম দিন শেষে ২ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে বিশাল স্কোরের শক্ত ভিত গড়েছে তারা।

গালের ঐতিহ্যবাহী মাঠে এবং ভারতের ৬০০তম ঐতিহাসিক টেস্ট ম্যাচে অধিনায়ক শুভমান গিল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। গত দুই বছর ধরে টেস্টের তিন নম্বর পজিশন নিয়ে দুশ্চিন্তায় থাকা ভারতের জন্য নতুন আশা নিয়ে এসেছেন পাদিক্কাল। মূলত আঙুলের চোটে সাই সুদর্শন ছিটকে পড়ায় একাদশে সুযোগ পান এই বাঁহাতি ব্যাটার। সেই সুযোগ দুই হাতে কাজে লাগিয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। দিন শেষে তিনি ১৭৮ বলে ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৩১ রানে অপরাজিত আছেন। ২০ টেস্ট পর তিন নম্বর পজিশনের ব্যাটসম্যানের এটি প্রথম সেঞ্চুরি

দিনের শুরুতে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তোলেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। তবে চরম ভুল বোঝাবুঝির শিকার হয়ে দুজন ব্যাটারই নন-স্ট্রাইকার প্রান্তে চলে এলে  রানআউট হয়ে সাজঘরে ফেরেন জয়সওয়াল (৩২)। এরপর ক্রিজে এসে কেএল রাহুলের সাথে ১৫০ রানের দারুণ জুটি গড়েন পাদিক্কাল। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা কিছুটা বিলম্বিত হলেও শ্রীলঙ্কান বোলারদের পুরোটা সময় উইকেটবঞ্চিত রাখেন এই দুই ব্যাটার।

ইনিংসের শুরুতে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরতি ক্যাচ দেওয়ার একটি সহজ সুযোগ তৈরি হলেও তা লুফে নিতে পারেননি ধনঞ্জয়া। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি পাদিক্কালকে। প্রভাত জয়সুরিয়াকে মাথার ওপর দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা মেরে নিজের আগ্রাসী মনোভাবের বার্তা দেন তিনি।

ধীরে ধীরে ছন্দ খুঁজে পান কেএল রাহুলও। লাহিরু কুমারাকে সিঙ্গেল নিয়ে পাদিক্কাল হাফ-সেঞ্চুরি পূরণ করার পর রাহুলও নিজের ৫০ রান স্পর্শ করেন। তবে ১৬২ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৭৭ রানের সাবলীল এক ইনিংস খেলার পর পেশির টানের (ক্র্যাম্প) কারণে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন রাহুল।

চার নম্বরে নামা অধিনায়ক শুভমান গিল (১৬) দুটি চমৎকার চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু প্রভাত জয়সুরিয়াকে স্টেপ-আউট করে বড় শট খেলতে গিয়ে মিড-অফে সহজ ক্যাচ দিয়ে নিজের উইকেট উপহার দেন তিনি।

দিন শেষে পাদিক্কালের সঙ্গী হিসেবে ক্রিজে ৩৬ বলে ২৭ রানে অপরাজিত আছেন রিশভ পান্ত। রবিবারের ম্যাচের দ্বিতীয় দিনে এই শক্ত অবস্থান ধরে রেখে আরও বড় সংগ্রহের দিকে চোখ রাখবে ভারতীয় দল।