সমকালের প্রেস থেকে চলছে ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির কার্যক্রম

ঢাকা সংবাদপত্রের হকার্স সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনের দৈনিক সমকাল পত্রিকার প্রেস থেকে। 

শনিবার (১৫ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ নিউজপেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু মাসুদ বুলবুল ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মন্টু।

বিবৃতিতে বলা হয়, ঢাকা শহর এবং শহরতলিতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে দৈনিক পত্রিকা সরবরাহ করা হয়ে থাকে। এর মধ্যে দুই তৃতীয়াংশ পত্রিকা সরবরাহ করা হয় ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে। 

কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় পটপরিবর্তনের পর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বরত কমিটি দায়িত্ব ছাড়লে নতুন করে অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। কিছুদিন পরে তাদের মধ্যে একাধিক গ্রুপের সৃষ্টি হয় এবং এক গ্রুপ অন্য গ্রুপকে পেশিশক্তি প্রদর্শন করে সমিতি থেকে বের করে দেয়। 

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি ১৪ বার দখল-পাল্টা দখল হয় এবং সর্বশেষ চলতি বছরের ৩১ জুলাই দুই পক্ষের মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটলে সমিতির অফিস বন্ধ করে দেওয়া হয়। এতে সমিতিতে উপস্থিত থাকা বিভিন্ন পত্রিকার ৩ জন সংবাদকর্মী গুরুতর আহত হন।

বিবৃতিতে আরও বলা হয়, পত্রিকা সরবরাহ এবং নিয়মিত পত্রিকার বিল আদায় স্বাভাবিক রাখতে গত ৩১ জুলাই বাংলাদেশ নিউজ পেপার সার্কুলেশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন'র এক জরুরি সভায় নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) ও সম্পাদক পরিষদের নির্দেশনায় ১ আগস্ট থেকে অন্তর্বর্তী সময়ের জন্য দৈনিক প্রথম আলো কর্তৃক প্রদত্ত স্থানে (কারওয়ান বাজার) ২ দিন পরিচালিত হয়। তবে, পুনরায় সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলে ৩ আগস্ট থেকে তেজগাঁও শিল্প এলাকা টাইমস মিডিয়া ভবনের সমকাল পত্রিকার প্রেস থেকে পরিচালিত হচ্ছে।