খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে চায়ের দোকানে অবস্থানকালে দুর্বৃত্তরা জয় ঢালীর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে গলাকেটে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।
রূপসা থানার ওসি (তদন্ত) আব্দুর সবুর খান জানিয়েছেন, রূপসার আজগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে জয় ঢালী নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার তৎপরতা চলছে।