নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশন-সংলগ্ন ইসদাইরে পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় অস্ত্রধারী মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় আরবান স্কুলের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লেও অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে মাদক কারবারিদের ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে এক অস্ত্রধারী মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। পরে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মো. রফিক, এসআই নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল। অপরদিকে পুলিশের গুলিতে আহত মাদক কারবারির নাম জসিম। তিনি রেজ্জাক বেপারীর ছেলে। গ্রেপ্তারকৃত অপর ব্যক্তির নাম মোহন।
পুলিশ জানায়, শনিবার ফতুল্লার ইসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিম, মোহনসহ ৭-৮ জন মাদক কারবারি পুলিশকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি ছোড়ে ও ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার তাদের সরকারি পিস্তল থেকে আট রাউন্ড গুলি ছোড়েন। এতে জসিম উরুতে গুলিবিদ্ধ হন।
ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিনহ দুই অস্ত্রধারীকে আটক করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানা পুলিশের ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।