আরচারিতে দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনে শনিবার ফেডারেশনের বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে কাজ করছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। রাজধানীর হোটেল রিজেন্সিতে অনুষ্ঠিত সভায় ফেডারেশনের কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে ঐকমত্য হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আরচারি ফেডারেশন ও ওয়ার্ল্ড আরচারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই নবগঠিত কমিটির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছে।’

কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান তিন মাসের সময়সীমা শেষ হওয়ার পথে। সভা থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।’ পাশাপাশি গত ২৫ বছরে বাংলাদেশে সাত-আটটি বিশ্ব র‌্যাংকিং টুর্নামেন্ট ও এশিয়ান চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজনের কথাও তুলে ধরেন তিনি। স্বাগতিক দেশ হিসেবেও বাংলাদেশ নিয়মিত পদক অর্জন করেছে বলে জানান ফেডারেশনের সভাপতি চপল।