আম্মারের আয়োজনে রাবিতে ‘বাকশাল’ নামে গরু জবাই

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি ও বাকশাল পতন স্মরণে একটি গরুর প্রতীকী নাম ‘বাকশাল’ দিয়ে ‘জুলাইয়ের জিয়াফত’ আয়োজন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। তবে তার এই কর্মসূচির সঙ্গে রাকসু একাত্মতা জানায়নি। এ কারণে আম্মার ও তার অনুসারীরা মিলে এই আয়োজন করে।

গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ আয়োজন করা হয়। এতে প্রায় ৬০০-৭০০ শিক্ষার্থী অংশ নেন। আয়োজনে শিক্ষার্থীদের জন্য গরুর মাংসের ভোজের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থাও রাখা হয়।

আয়োজনের বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি ও বাকশাল পতনের এই গুরুত্বপূর্ণ দিনটিকে আমরা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। মুজিবের ভালো কাজকে ভালো এবং খারাপকে খারাপ বলা শিখতে হবে।