দুই বছরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংক পিএলসি. সফলভাবে কার্যক্রমের ১৩তম বছর পূর্ণ করেছে। গত ৪ আগস্ট ব্যাংকটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হয়। এ উপলক্ষে ১৩ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই ডিবিএ ব্যাংকের দীর্ঘ পথচলায় গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রণকারী সংস্থা ও কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে এনআরবি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দুই বছরের মধ্যে ব্যাংকটিকে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তর করে তা বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. কামরুল ইসলাম চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান মিস মিনহাজ শহীদ, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ মো. সেলিম এবং স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম, প্রফেসর শরীফ নুরুল আহকাম ও এস কে মতিউর রহমান।