মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৫শ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গজারিয়া থানার লস্করদী মধ্যপাড়া এলাকার মনির হোসেনের ছেলে সাকিবুল হাসান (২৭) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার দক্ষিণ সতানন্দী এলাকার মৃত ধুন মিয়া বেপারীর ছেলে মো. মতিন (৫৫)।
জানা যায়, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই (নিঃ)পলাশ কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গজারিয়া থানাধীন লস্করদী সাকিনস্থ লস্করদী মধ্যপাড়া আক্তার হোসেনের জায়গায় ভাড়াটিয়া মো. সাকিবুল হাসানের ভাড়া গ্যারেজের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মো. সাকিবুল হাসানকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে সাকিবুল হাসানকে জিজ্ঞেসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানাধীন পোড়াচক বাউশিয়া সাকিনস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো. মতিনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও ৩টি মামলা রয়েছে।
এ বিষয়ে গজারিয়ায় থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।