দুমকিতে বেহাল সড়কে দুর্ভোগ চরমে, দ্রুত সংস্কারের দাবি

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী বড়বাড়ি থেকে লেবুখালী নলদোয়ানী সংযোগস্থল হয়ে ইউপি চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত কাঁচা সড়কটির বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। হাঁটুসমান কাদায় ভরা সড়কটি বর্ষা মৌসুমে প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে যাতায়াত, রোগী পরিবহন ও কৃষিপণ্য আনা-নেওয়াও ব্যাহত হচ্ছে।

এলাকাবাসী জানান, সড়কটির আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী এ পথে যাতায়াত করে। বর্ষায় কাঁদা-পানিতে পথ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। অনেক সময় শিশু শিক্ষার্থীরা পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও ঘটছে।

স্থানীয় বাসিন্দা নান্নু মৃধা বলেন, এটি পাঙ্গাশিয়া ও লেবুখালী ইউনিয়নের সংযোগ সড়ক হওয়ায় দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব থাকায় কোনো উন্নয়ন হচ্ছে না। ফলে বছরের পর বছর সড়কটি অবহেলিত রয়েছে।

অভিভাবক ও ব্যবসায়ীরাও একই সমস্যার কথা জানিয়ে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে।

ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট গাজী নজরুল ইসলাম বলেন, একাধিক প্রকল্পের প্রস্তাব পাঠানো হলেও প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সড়কটি পাকা করা সম্ভব হয়নি। তবে দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।

উপজেলা প্রকৌশলী (দায়িত্বরত) মো. কামাল হোসেন বলেন, রাস্তাটির বিষয় আমার জানা ছিল না। তবে শিগগিরই সড়কটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর মতে, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ অনেকটাই লাঘব করা সম্ভব। তাই সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।