বিষের বোতল হাতে ১২ ঘণ্টার অনশন, অবশেষে প্রেমিকাকে বিয়ে করলেন সৌদি প্রবাসী

বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে এক সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশনে বসেন এক তরুণী। দাবি না মানলে আত্মহত্যার হুমকি দিয়ে রাতভর চলে তাঁর অবস্থান। অবশেষে দীর্ঘ ১২ ঘণ্টার টানটান উত্তেজনার পর বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছেন সেই প্রবাসী প্রেমিক।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে। শনিবার (১৫ আগস্ট) অনশনের এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আজ রবিবার (১৬ আগস্ট) ঘটনাটি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়া গেছে, ছড়িয়ে পড়া বিষের বোতল হাতে তরুণীর অনশনের ভিডিওটি গাইবান্ধার গোবিন্দগঞ্জেরই।

স্থানীয় সূত্রে জানা যায়, অনন্তপুর নয়াপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের (৪০) সঙ্গে সুরভি খাতুন (২৬) নামের ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু দীর্ঘদিন পার হলেও বিয়ে না করায় গত শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে প্রবাসীর বাড়িতে উপস্থিত হন তরুণী। হাতে বিষের বোতল নিয়ে বাড়ির প্রধান ফটকের সামনে বসে কান্নাকাটি ও বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি। বিয়ে না করলে বিষপানে আত্মহত্যার হুমকি দিলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সেখানে উৎসুক লোকজনের ভিড় জমায়।

পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীকালে তাঁদের মধ্যস্থতায় ১২ ঘণ্টার অনশন ভেঙে শনিবার বেলা ১১টার দিকে প্রবাসীর সঙ্গে ওই তরুণীর বিয়ে সম্পন্ন হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুমানিগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব মন্ডল জানান, শুক্রবার রাত ১১টায় তরুণী অনশনে বসেছিলেন। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে শনিবার বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এই ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। তবে গত শনিবার তাঁদের বিয়ে হয়েছে বলে তিনি শুনেছেন।