জামালপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নুর আলমকে (৪০) আটক করেছে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র। শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সানন্দবাড়ী বাজারে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক নুর আলম উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের হেকমত মণ্ডলের ছেলে।

মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই রাতে চর আমখাওয়া ইউনিয়নের পাটাধোয়া পাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে তার নিজ বাড়িতে গিয়ে ধর্ষণ করেন নুর আলম। এ ঘটনার পর ১৫ আগস্ট বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরপরই সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান নামেন এবং ওই দিন সন্ধ্যায়ই অভিযুক্তকে আটক করতে সক্ষম হন।

বিষয়টি নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, ধর্ষণের লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।