লালমোহনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিশু আব্দুল্লাহ রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল্লাহ কয়েকদিন আগে পশ্চিম চরউমেদ ইউনিয়নে তার নানাবাড়িতে বেড়াতে যায়। রবিবার সকালে মাদ্রাসার সামনে রাস্তা পার হওয়ার সময় দৌড় দিলে একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।