অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয়ের সুফল নিতে চান তামিম

নিজের খেলোয়াড়ী জীবনে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার ভাগ্য হয়নি তামিম ইকবালের। তবে ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের হারানোর ম্যাচের অন্যতম সদস্য তিনি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি চেয়ারে বসে অনুজদের ইতিহাস গড়তে দেখলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত তামিম।

আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, এই জয় শুধু একটি ম্যাচের জয়ই নয়, বিশ্ব ক্রিকেটকে বাংলাদেশের পক্ষ থেকে এটি একটি শক্তিশালী বার্তা। এই টেস্ট জয়ের সুফল আলায় করতে চান সাবেক এই অধিনায়ক।

অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ যে সামর্থ্যের প্রমাণ দিয়েছে, সেটিকে সামনে রেখে ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি সিরিজ খেলার সুযোগ তৈরি করতে চায় বিসিবি। আগামী মাসে আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) নিয়ে গুরুত্বপূর্ণ সভা রয়েছে। সেই সভায় বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যকে উদাহরণ হিসেবে তুলে ধরে অন্য দলগুলোকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজে রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান তামিম।

এ নিয়ে তামিম বলেন, 'এটি আমাদের দায়িত্ব। আগামী মাসে এফটিপি মিটিং হবে। সেখানে আমরা অন্য দলগুলোকে কনভিন্স করে আরও ভালো সিরিজ নেওয়ার চেষ্টা করব। এই জয়টি অন্য দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমাদের সাহায্য করবে। আমরা এফটিপিকে যতটা সম্ভব প্রতিযোগিতামূলক করার এবং বড় দলগুলোর সাথে খেলার চেষ্টা করব।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় অর্জন হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। তার মতে, এই সাফল্য বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তবে এমন জয়ের পর ক্রিকেটারদের জন্য বিশেষ কোনো ভাতার ঘোষণা আসছে কি না, সে বিষয়ে অবশ্য বিস্তারিত জানাতে চাননি তামিম।

বিসিবির সভাপতি বলেন, 'বোনাসের বিষয়টি অভ্যন্তরীণ থাকুক। আমরা খেলোয়াড়দের সাথে এটি নিয়ে আলোচনা করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড হিসেবে আমরা খেলোয়াড়দের এই অর্জনে অত্যন্ত গর্বিত। আশা করি বাংলাদেশ ক্রিকেট এখান থেকে আরও এগিয়ে যাবে। এই জয়টি আন্তর্জাতিকভাবে একটি বড় বার্তা দিবে। এটি শুধু একটি জয় নয়, একটি শক্তিশালী বার্তা। আমরা সবাই খুব খুশি।'