পার্বতীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদ হুসাইন রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিব হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা পবিত্র কুমার রায়সহ অনেকে।

এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি ইউএনও আরাফাত আমান আজিজ উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সফল দুই মৎস্যচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এ বিষয়ে পার্বতীপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা খালেদ মোশারফ বলেন, মৎস্যচাষ প্রযুক্তির নিবিড়তা ও আধুনিকায়নের ফলে সমাজভিত্তিক মাছ ও মাছের আবাসস্থল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তায় মৎস্য সংরক্ষণ আইন, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য খাদ্য আইন ও হ্যাচারি আইন বাস্তবায়ন এবং মা মাছ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে দুই শতাধিক মৎস্যচাষি এবং জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামীকাল সোমবার উপজেলার মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা, স্কুল পর্যায়ে রচনা ও কুইজ প্রতিযোগিতা এবং জনসমাগমস্থলে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পরের দিন আগামী মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচি শেষ হবে।