নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলসকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৬ আগষ্ট) বিকেলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নস্থ নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে আক্তার ইস্পাত রোলিং মিলস, আল বারাকা স্টীল রি-রোলিং মিলসসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ধারা ৮ এর (ঋ) ভঙ্গের অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফতুল্লা রাজস্ব সার্কেলের অংমাচিং মারমা'র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর পরিদর্শক এর টিম, র্যাব ও ফতুল্লার থানার একটি টিম।
সদর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এ অভিযান চালানো হয়।
এসময় পিলকুনি আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে এক লক্ষ টাকা, মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা ও নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত।