রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর বংশালের মুকিমবাজারের ওই গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, সন্ধ্যায় বংশাল চৌরাস্তার মুকিমবাজার সংলগ্ন একটি ৬তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। ভবনটির দ্বিতীয় তলায় হেলমেটের গোডাউন রয়েছে। সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
পরে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। এখন পর্যন্ত এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।