ডেমরায় বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিট

ঢাকার ডেমরার সারুলিয়ায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) এক কর্মকর্তা।

রবিবার (১৬ আগস্ট) বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে পশ্চিম নিঝুমবাগের তালেব আলী মসজিদের সামনে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট। একটি বস্তু নিষ্ক্রিয় করা হয়েছে। অপরটিও নিষ্ক্রিয় করার কাজ চলছে।

রাত ৯টার দিকে ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান বলেন, বিকাল ৫টার দিকে তারা খবর পান। এরপর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা কাজ করছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 

রাত সাড়ে ৮টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের একজন কর্মকর্তা বলেন, খবর পেয়ে তাদের সদস্যরা সেখানে গেছেন। পরিস্থিতি অনুযায়ী তারা কাজ করছেন। 

ঘটনাস্থলে থাকা সিটিটিসির এক কর্মকর্তা বলেন, কয়েক দিন আগে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে বোম ডিসপোজাল ইউনিট একটি নিষ্ক্রিয় করে। অপরটি নিষ্ক্রিয় করার কাজ চলছে।