যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে শক্তিশালী ঝড় ও বন্যায় চার বছরের এক বালকসহ অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।
শনিবার অঙ্গরাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া ঝড় ও বন্যায় চার বছর বয়সী ওই শিশুটির পাশাপাশি তিন নারী ও দুই পুরুষ মারা গেছেন।
ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জরুরি অভিযান কেন্দ্র জানিয়েছে, ডেলাওয়্যার কাউন্টিতে দুইজন এবং জেনিংস কাউন্টি, লেক কাউন্টি, পোর্টার কাউন্টি ও লাপোর্টে কাউন্টিতে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।
ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন জানিয়েছেন, অঙ্গরাজ্যের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্সিয়াল জরুরি অবস্থা ঘোষণার জন্য অনুরোধ জানানো হয়েছিল। ট্রাম্প এই অনুরোধ অনুমোদন করবেন বলে জানিয়েছেন। এই ঘোষণা এলে অঙ্গরাজ্যটির জন্য ফেডারেল সহায়তা পাওয়ার পথ পরিষ্কার হবে।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার এক পর্যায়ে ঝড়টি ইলিনয়, ইন্ডিয়ানা, ওহাইও ও কেন্টাকিজুড়ে বইতে শুরু করে, এতে প্রায় ১০ লাখের মতো গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
ওহাইওর গভর্নর মাই ডেওয়াইন মঙ্গলবার জানিয়েছেন, রোজভাইলে বন্যায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ব্যক্তি বন্যার পানিতে আটকা পড়ে যাওয়ার পর পরিস্থিতি অনুকূল না হওয়ায় জরুরি বিভাগের কর্মীরা তার কাছে পৌঁছতে পারেননি।