ভোরের কম্পনে আতঙ্ক, উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুর

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ০।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভোর ৫টা ৩২ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়।

উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

স্বল্পমাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।