আইনি জটিলতায় সেলোনা গোমেজ

২০২১ সালে মানসিক স্বাস্থ্য বিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান  ‘ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল’এ বিনিয়োগ সংক্রান্ত প্রতারণা ও ভুল তথ্য দেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন হলিউড তারকা ও পপ সংগীতশিল্পী সেলেনা গোমেজ। এই সব অভিযোগের ভিত্তিতে সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছে ওয়ান্ডারমাইন্ডের পাঁচ বিনিয়োগকারী।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক ওই বিনিয়োগকারীরা সেলেনার বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন। তাদের দাবি, সেলেনার নিষ্ক্রিয়তার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়ার পথে। মামলায় প্রায় ১২ লাখ ডলার বিনিয়োগ ফেরত চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তারা।

অভিযোগে বলা হয়, সেলেনা ওয়ান্ডারমাইন্ডের প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন এবং ব্র্যান্ডটির প্রচারে সক্রিয় ভূমিকা রাখবেন-এমন প্রতিশ্রুতির ভিত্তিতেই বিনিয়োগ করেছিলেন তারা। কিন্তু পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রসারে কার্যকর ভূমিকা রাখেননি সেলেনা।

বিনিয়োগকারীদের অভিযোগ, বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি ও নতুন অ্যাপ চালুর মতো যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। তিন বছর ধরে প্রতিষ্ঠানের সংকট গোপন রাখার অভিযোগও করেছেন বিনিয়োগকারীরা।

গত সেপ্টেম্বরে ‘দ্য কাট’ এর এক অনুসন্ধানী প্রতিবেদনে ওয়ান্ডারমাইন্ডের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার খবর প্রকাশ হয়। সেখানে ম্যান্ডি টিফির প্রশাসনিক ব্যর্থতা এবং মা-মেয়ের দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়ও উঠে এসেছিল।

তবে মামলা বিষয়ে এখনও সেলেনা গোমেজ বা ওয়ান্ডারমাইন্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।