মেয়ের বিয়ের সদাইয়ের টাকা পড়ে যায় সড়কে, ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার সড়কে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা। রবিবার (১৬ আগস্ট) বিকেলে যথাযথ প্রমাণ সাপেক্ষে মালিকের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, জেলার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম তাঁর মেয়ের বিয়ের বাজারের জন্য অটোরিকশা (সিএনজি) যোগে কাউতলী মোড়ে আসেন। কিন্তু অসাবধানতাবশত ৫০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ সড়কে পড়ে যায়।

ওই সময় সড়কে দায়িত্বরত ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের এটিএসআই নুরুল আমিন ব্যাগটি পড়ে থাকতে দেখে নিজের কাছে নেন এবং ভেতরে ৫০ হাজার টাকা পান। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি তাঁর সহকর্মীদের জানান। পরবর্তীতে টাকা হারিয়ে দিশেহারা তাজুল ইসলাম খোঁজাখুঁজি করে সেখানে পৌঁছালে উপযুক্ত প্রমাণ উপস্থাপনের পর টাকাগুলো তাঁকে বুঝিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে আবেগপ্লুত তাজুল ইসলাম বলেন, ‘মেয়ের বিয়ের কেনাকাটার জন্য ব্যাগে ৫০ হাজার টাকা নিয়ে এসেছিলাম। কাউতলী এলাকায় ব্যাগটি পড়ে গেলে খোঁজাখুঁজির এক পর্যায়ে জানতে পারি ট্রাফিক পুলিশ এটি পেয়েছে। সঠিক তথ্য-প্রমাণ দিয়ে টাকা ফেরত পেয়েছি।’ 

এই মহানুভবতার জন্য তিনি সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ কর্মকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. রাসেলুর রহমান জানান, টাকা পাওয়ার পর এটিএসআই নুরুল আমিন তাঁকে বিষয়টি অবহিত করেন এবং উর্ধ্বতন কর্মকর্তাদেরও জানানো হয়। পরে প্রকৃত মালিক উপস্থিত হয়ে যথাযথ প্রমাণ দিলে টাকাটি তাঁর হাতে তুলে দেওয়া হয়।