আনোয়ারা

সাবেক ভূমিমন্ত্রীর এপিএসসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সহকারী একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) আনোয়ারা থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। উক্ত মামলায় আটক আনোয়ারা সরকারি কলেজের শিক্ষার্থী আতাউল আমিনকে ১নম্বর ও অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাদা মহিউদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, সাবেক ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট ইমরান হোসেন বাবু, উপজেলা যুবলীগ নেতা রেজাউল করিম চৌধুরী আনিস, উপজেলা আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রীগের সাধারণ সম্পাদক আবু তাহের ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার প্রমুখ।

পুলিশ জানায়, ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা সদরের কলেজ রোডে ১০ থেকে ১৫ জনের অংশগ্রহণে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ সময় তাদের হাতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ছবিযুক্ত একটি ব্যানার ছিল। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করে। আটক আতাউল আমিন উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মো.নুরুল আমিনের ছেলে ও আনোয়ারা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। ওই মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক আতাউলকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।