কুড়িগ্রাম

১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীর জরিমানা

কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১১ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সোমবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম পৌর শহরের দাদা মোড় সংলগ্ন বড় বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন।

তিনি জানান, অভিযানকালে মেসার্স মিহির ট্রেডার্সে তল্লাশি চালিয়ে আনুমানিক ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।