আজ থেকে সেলিম আল দীন জন্মোৎসব

১৮ আগস্ট নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকী। বিশেষ এই দিনকে ঘিরে আজ ১৭ আগস্ট (সোমবার) থেকেই বিভিন্ন নাট্য সংগঠনের উদ্যোগে শুরু হচ্ছে নানা আয়োজন। রাজধানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা, আলোচনা, নাট্য প্রদর্শনী ও সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্মরণ করা হবে বাংলা নাটকের এই বরেণ্য নাট্যকারকে। সেলিম আল দীনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী আয়োজন করেছে সেলিম আল দীন সংগ্রহশালা। আজ বিকেল ৫টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘আলাপে সেলিম আল দীন ও নাটকের রাজনীতি’ শীর্ষক অনুষ্ঠান। এতে একক বক্তব্য দেবেন আজফার হোসেন। একই স্থানে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত ‘ধাবমান’। নাটকটি পরিবেশন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ।

আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে সংগঠনটি। ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার আয়োজন করছে তিন দিনব্যাপী বিশেষ আয়োজন। সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত ‘নিমজ্জন’। নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ।

ধাবমান নাটকের দৃশ্য

১৯ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘জহরনামা’। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন আনন জামান। পরিবেশনায় থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আয়োজনের শেষ দিন ২০ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে ‘একসাথে চলি একসাথে বাঁচি’। নাটকটির রচনা এ এইচ রাজন ও রফিকুল ইসলামের। নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। পরিবেশনায় থাকবে প্রতিবন্ধী ব্যক্তিদের নাট্য সংগঠন সুন্দরম। দেশের আরেক আলোচিত নাট্য সংগঠন স্বপ্নদলও তিন দিনের আয়োজন করেছে। মঙ্গলবার সকাল ১০টায় নাট্যাচার্যের সমাধির উদ্দেশে শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে তাদের আয়োজন। ২০ আগস্ট শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে স্বপ্নদলের প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। নির্দেশনা দিচ্ছেন জাহিদ রিপন।

নাটক হরগজ

পরদিন ২১ আগস্ট একই মঞ্চে বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের লেখা ‘হরগজ’ নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী। নাটকটির নির্দেশনাও দিয়েছেন জাহিদ রিপন। বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নাট্যাচার্য সেলিম আল দীনের জন্মবার্ষিকীতে তার নাট্যকর্ম, দর্শন ও বাংলা মঞ্চনাটকে অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীরা।