চিত্রনায়িকা পূজা চেরির বিয়ে নিয়ে আবারও গুঞ্জন। কেউ বলছেন বিয়ে করছেন, আবার অনেকেই বলছেন বিয়ে করেই ফেলেছেন তিনি। তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি নায়িকা। গুঞ্জন উঠেছে, দেশে নামকরা এক ব্যবসায়ী বিয়ে করেছেন পূজা। বিষয়টি নিয়ে চলতি বছরের শুরু থেকেই নানা আলোচনা চলছে। কয়েকদিনে আগে শোনা যাচ্ছিল, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে পূজা নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান বলেও জানিয়েছিলেন এই অভিনেত্রী। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কথা বলতে দেখা যায়নি তাকে। তাই নতুন করে ছড়িয়ে পড়া বিয়ের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নিশ্চুপ রয়েছেন এই অভিনেত্রী।