চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুস ২৬ আগস্ট

পবিত্র ঈদে মিরাদুন্নবী (স.) উপলক্ষে এবার চট্টগ্রামে ৫৫তম বারের মতো ঐতিহ্যবাহী জশনে জুলুস (বর্ণাঢ্য শোভাযাত্রা) আয়োজন করতে যাচ্ছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আগের বছরগুলোর মতো এবারও জশনে জুলুস জনসমুদ্রে রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামী ২৩ আগস্ট (রবিবার) ঢাকায় এবং ২৬ আগস্ট (বুধবার) চট্টগ্রামে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। অতিথি থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ আগস্ট সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। এরপর নগরের প্রধান সড়ক ঘুরে জুলুস জামেয়া মাঠে এসে শেষ হবে। সেখানে মাহফিল, জোহর নামাজ ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে।

মুসল্লিদের সুবিধার্থে মাদরাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে বলে সম্মেলনে জানানো হয়।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যডিশনাল সেক্রেটারি মো. সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মো. হোসেন খোকন, আঞ্জুমান মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, মিডিয়া ডেস্কের যুগ্ম আহ্বায়ক আবু তালেব বেলাল ও সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী প্রমুখ।