আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর। সুতরাং অনুমান নির্ভর কোনো প্রতিবেদনকে আমরা আমলে নিচ্ছি না।’

সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রতিবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রী পড়েননি, তবে পত্রিকার মাধ্যমে জেনেছেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে, ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস) সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে ব্যবহার করতে চাচ্ছে। এ বিষয়টি সরকার কীভাবে দেখছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমি শুনেছি, সেটা (জাতিসংঘের প্রতিবেদন) পড়িনি। ওখানে হয়তো কিছু পর্যবেক্ষণ দিতে পারে। আমি না দেখে বলতে পারবো না।’

সরকার প্রতিবেদনটি আমলে নিচ্ছে কি না জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, ‘আমরা আমলে নিচ্ছি না। রিপোর্টও এখনও পড়িনি। তাছাড়া, পত্রিকা থেকে আমি যতটুকু শুনেছি, ওখানে বলা হয়েছে তারা অনুমান করেছে যে, এ রকম হতে পারে।’

‘অনুমাননির্ভর কোনো রিপোর্টের ওপর আমরা নির্ভর করতে পারি না,’ বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য কোনো দপ্তরে দেখা যাবে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে—এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’