স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে মিলল যুবকের মরদেহ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জানান, সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের ভেতরে থাকা একটি পরিত্যক্ত ভবন পরিষ্কার করতে যান। এ সময় ভবনের ভেতরে লোহার হুকের সঙ্গে কাপড় প্যাঁচানো অবস্থায় এক যুবকের মরদেহ ঝুলতে দেখেন তারা। দীর্ঘদিন ধরে মরদেহটি সেখানে পড়ে থাকায় শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস খসে পড়েছিল। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার এসআই প্রদীপ চন্দ্র সরকার বলেন, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি পচে গিয়ে অত্যন্ত বিকৃত হয়ে পড়েছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।