ফেনী সীমান্তে  ৫৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া এবং চট্টগ্রামের জোরারগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫৫ লাখ ৪০ হাজার ৮০৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

সোমবার (১৭ আগস্ট) সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চকলেট, বিস্কুট, কসমেটিকস, বিভিন্ন ধরনের সুগন্ধি তেল ও ওষুধ।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা সুরক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।