চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকেই বিধ্বস্ত ঋতুপর্ণা-মারিয়ারা

এশিয়ার সর্বোচ্চ ক্লাব ফুটবলের মঞ্চে অভিষেকটা স্মরণীয় হলো না বাংলাদেশের নারী ফুটবল লিগ চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসির। সোমবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী ইস্ট বেঙ্গল এফসির কাছে ৪-০ গোলে হেরেছে গোলাম রব্বানী ছোটনের দল।

মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জাতীয় দলের একাধিক অভিজ্ঞ ফুটবলারকে নিয়ে গড়া রাজশাহী স্টারসের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা ছিল। কিন্তু শুরু থেকেই ইস্ট বেঙ্গলের আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ে বাংলাদেশের দলটি। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।

ম্যাচের নবম মিনিটেই স্পট কিক থেকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে দেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি (১-০)। এরপর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওন। মাঝমাঠ থেকে আসা বল নিয়ন্ত্রণে ব্যর্থ হন শাহেদা আক্তার রিপা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোলরক্ষক রুপনা চাকমাকে পরাস্ত করেন ইস্ট বেঙ্গলের ফরোয়ার্ড (২-০)।

প্রথমার্ধ শেষ হওয়ার আট মিনিট আগে আবারও বাংলাদেশের জালে বল পাঠায় ভারতীয় দলটি। ডান দিক থেকে আসা ক্রস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন রাজশাহী স্টারসের নেপালি ফুটবলার বিমলা। সেই ভুলের সুযোগে নিজের দ্বিতীয় গোলটি করেন অলিভিয়া। ফলে বিরতিতে ৩-০ গোলে পিছিয়ে থাকে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ও রক্ষণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে রাজশাহী স্টারস। তবে আক্রমণে কার্যকর হয়ে উঠতে পারেনি তারা। উল্টো ৭১ মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ। সৌমিয়া গুগুলোথের নেওয়া শট রুপনার হাত ফসকে জালে জড়িয়ে যায়। ৪-০ গোলের বড় পরাজয়ে রাজশাহী স্টারসের পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। 

বড় হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর সুযোগ অবশ্য থাকছে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সাবাহ এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টারস। বাংলাদেশের দলটির বাকি প্রতিপক্ষ গুয়ামের রোভার্স এফসি। এই গ্রুপে চার দলের মধ্যে কেবল শীর্ষ দলই পরবর্তী ধাপে জায়গা করে নেবে।