নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজধানী ঢাকার ডেমরায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জস্থ র‍্যাব-১১ এর একটি টিম। 

রবিবার (১৬ আগস্ট) রাত আড়াইটার দিকে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন হাজিনগর এলাকায় একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর আভিযানিক দল। এ সময় রনি ভূঁইয়া নামের ওই সন্ত্রাসীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এছাড়া তার বাসা তল্লাশি করে ২টি ওয়াকিটকি, ২টি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোমবার বিকেলে র‍্যাব-১১ এর উপঅধিনায়ক লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক প্রেস কনফারেন্সে জানান, গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে সে রাজধানীর ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল। 

রনি আড়াইহাজার, ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলা ও মাদক স্পটে ড্রোন সিসি ক্যামেরার ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপরে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় আমরা প্রিভেনটিভ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছি। পাশাপাশি বেশ কিছু মাদক স্পটে অভিযানের সময় সিসি ক্যামেরা ও হ্যান্ড মাইক জব্দ করা হয়েছে। এর আগে মাসদাইরে ড্রোনও জব্দ করা হয়েছে। এসব উপকরণ ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা নিজেদের সতর্ক করার চেষ্টা করে থাকে।