‘রামায়ণ’-এর বাজেট নিয়ে মুখ খুললেন যশ

নীতিশ তিওয়ারির নির্মিতব্য দুই পর্বের মহাকাব্যিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর বিশাল ৪,০০০ কোটি রুপির বাজেট নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। এবার সেই বিভ্রান্তি দূর করে বাজেট ও প্রচার পরিকল্পনার নেপথ্য কারণ স্পষ্ট করলেন ছবির অন্যতম প্রযোজক ও ‘রাবণ’ চরিত্রের অভিনেতা যশ। ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে হাজির হয়ে ‘কেজিএফ’ খ্যাত এই তারকা জানান, চার হাজার কোটি রুপি মূলত দুটি পর্ব নির্মাণ এবং আন্তর্জাতিক বাজারের বিপুল প্রচারণা ব্যয়ের মোট সমষ্টি। হলিউডের বাণিজ্যিক বিষয়টি মাথায় রেখেই এই বাজেট ধরা হয়েছে, যেখানে বিশ্বব্যাপী বাজারজাতকরণেও অনেক ব্যয় হয়। সহ-প্রযোজক নাযিত মালহোত্রার দূরদর্শী উদ্যোগের প্রশংসা করে যশ জানান, ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে এক শক্তিশালী অবস্থান তৈরি করতেই বড় অঙ্কের বিনিয়োগ করা হচ্ছে। ধর্মীয় অনুভূতি বজায় রেখে আন্তর্জাতিক মানের বিনোদন উপহার দেওয়া চ্যালেঞ্জিং হলেও তারা কোনো আপস করছেন না। ছবিতে রণবীর কাপুর ‘রাম’ ও সানি দেওল ‘হনুমান’ চরিত্রে অভিনয় করছেন।