গাজা নিয়ে কায়রো বৈঠকের পর যা বলল হামাস

গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস এবং বিভিন্ন ফিলিস্তিনি রাজনৈতিক গোষ্ঠী। এ বিষয়ে আলোচনা করতে কায়রোতে বৈঠক করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হাইয়া এবং ফাতাহর ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্টের প্রধান মোহাম্মদ দাহলানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক রাজনৈতিক ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি আলোচনা, ইসরায়েলকে চুক্তির শর্ত বাস্তবায়নে বাধ্য করার প্রচেষ্টা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ও পর্যালোচনা করা হয়।

এ ছাড়া খলিল আল-হাইয়া আলাদাভাবে বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর নেতা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি মধ্যস্থতাকারী এবং মিসরের কর্মকর্তাদের সঙ্গে নিজের আলোচনার বিষয়গুলো তুলে ধরেন।

বৈঠক শেষে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর নেতারা অভিযোগ করেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েল সময়ক্ষেপণ করছে এবং আগেই হওয়া কিছু সমঝোতা থেকেও সরে এসেছে।

উল্লেখ্য, ডেমোক্রেটিক ন্যাশনাল কারেন্ট ফাতাহ আন্দোলনের একটি প্রভাবশালী সংস্কারপন্থি গোষ্ঠী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মাধ্যমে ফাতাহ পশ্চিম তীরের কিছু অংশ পরিচালনা করলেও এই গোষ্ঠীটি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কেন্দ্রীয় নেতৃত্বের বাইরে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: আলজাজিরা