বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকে টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ 

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে পড়েছে কুইন্সল্যান্ডের ম্যাকেতেও। আগামী ২২ থেকে ২৬ আগস্ট গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া ম্যাকে'র ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের সব টিকিট ম্যাচ শুরুর চার দিন আগেই শেষ হয়ে গেছে। এমনকি দ্বিতীয় দিনের গ্যালারিও প্রায় কানায় কানায় পূর্ণ হওয়ার পথে।

১০ হাজার আসনবিশিষ্ট অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাওয়া এই মাঠে খেলা দেখতে শুধু স্থানীয় নয়, বরং দূর-দূরান্ত থেকে দর্শকরা ছুটে আসছেন। ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পর এই সিরিজটি এখন ক্রিকেট বিশ্বের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। 

উত্তরাঞ্চলে টেস্ট আয়োজনের এই অভাবনীয় সাড়া নিয়ে এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে নর্দার্ন অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের রোমাঞ্চ এমন দারুণ টিকিট বিক্রির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। বিশেষ করে ম্যাকে টেস্টের প্রথম বল মাঠে গড়ানোর আগেই প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।’ তিনি আরও যোগ করেন, ‘ডারউইনে দীর্ঘ ২২ বছর পর টেস্ট ফেরা এবং ম্যাকেতে প্রথমবার টেস্ট আয়োজনের ফলে নর্দার্ন টেরিটরি ও কুইন্সল্যান্ড ছাড়াও সারা অস্ট্রেলিয়া এবং বিদেশ থেকেও দারুণ সমর্থন ও উদ্দীপনা পাওয়া যাচ্ছে।’

এই ম্যাচ ঘিরে স্থানীয় অর্থনীতি ও পর্যটনেও লাগবে দারুণ ছোঁয়া। কুইন্সল্যান্ডের পরিবেশ ও পর্যটনমন্ত্রী অ্যান্ড্রু পাওয়েল এ বিষয়ে বলেন, ‘আঞ্চলিক কুইন্সল্যান্ডে বড় বড় ইভেন্ট আয়োজন করা ক্রিসাফুলি সরকারের স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা, জাতীয় পর্যায়ে আমাদের সম্প্রদায়গুলোকে তুলে ধরা এবং অস্ট্রেলিয়ার ইভেন্ট রাজধানী হিসেবে কুইন্সল্যান্ডের খ্যাতি জোরদার করার একটি মূল পরিকল্পনা।’

এছাড়া ম্যাকে'র মেয়র গ্রেগ উইলিয়ামসন জানান যে পুরো অস্ট্রেলিয়া থেকে দর্শকরা এই ম্যাচ উপভোগ করতে আসছেন, যা স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন খাতকে দারুণভাবে লাভবান করবে। সব মিলিয়ে, ২২ আগস্ট থেকে হতে যাওয়া এই লড়াইয়ের অপেক্ষায় এখন পুরো ক্রিকেট বিশ্ব।