মুন্সিগঞ্জের গজারিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৩৫) নামের এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবুল কাশেম গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি স্থানীয় ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও কর্মস্থল জেএমআই ইন্ডাস্ট্রিতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবুল কাশেম। সকাল পৌনে ৮টার দিকে তিনি ভবেরচর কলেজ রোড এলাকার ইউটার্নে পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি বাইসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম জানান, সকাল ৮টার দিকে আবুল কাশেমকে হাসপাতালে আনা হয়েছিল। তবে প্রাথমিক পর্যবেক্ষণের পর আমরা তাকে মৃত ঘোষণা করি। মূলত হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ জানান, নিহতের মরদেহ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।