সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক দুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক গুরুতর আহত হন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে অসংখ্য পরিবহন ও যাত্রীরা। পরে সলঙ্গা থানার ওসি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবহণ চলাচল স্বাভাবিক করেন।
নিহত সাদ্দাম হোসেন নাটোর জেলার সিংড়া উপজেলার গোয়াল বাথান গ্রামের সাদেক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি একটি পিকআপ নিয়ে সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পিকআপটি পাটধারী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় পিকআপ চালক। পরে এ দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশকে ফোনে জানানো হলেও তারা প্রায় ৩ ঘন্টা পর ঘটনাস্থলে যায়। স্থানীয় জনতা পুলিশের এমন কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে মরদেহ সড়কে রেখে অবরোধ শুরু করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার পাল বলেন, বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে না জানায় ঘটনাস্থলে পৌঁছাতে একটু বিলম্ব হয়। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বিষয়টি বুঝিয়ে যানবহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ওই বেপরোয়া ট্রাক পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।