রাজস্ব নিয়ে জনগণের মধ্যে থাকা বিভ্রান্তি দূর করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে। তবে দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রয়োজনীয় খাতগুলোতে বরাদ্দ বজায় থাকবে।
তিনি জোর দিয়ে বলেন, ‘জাতীয় জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান এবং রাজস্ব খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ সম্মেলনে রাজস্ব আহরণ বৃদ্ধি, কর ব্যবস্থার আধুনিকায়ন, ফাঁকি রোধ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় রাজস্ব আদায়ের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
জাতীয় রাজস্ব নীতি ও কর ব্যবস্থার সংস্কার নিয়ে বিভিন্ন সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
আয়োজকেরা জানান, করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ফেরাতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।