‘স্বপ্নের’ বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতিমধ্যেই ‘স্বপ্নের’ বার্সেলোনায় পৌঁছেছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। দীর্ঘ সাত বছর ইতিহাদ স্টেডিয়ামে সফল এক অধ্যায় শেষ করে নতুন ঠিকানায় ৩০ বছর বয়সী এই তারকা। 

ব্রিটিশ গণমাধ্যমে বিবিসির সূত্রমতে, প্রায় ৭ কোটি ৬৫ লাখ ইউরো বা ১ হাজার ৮৬ কোটি টাকা ট্রান্সফার ফিতে বার্সায় যোগ দিচ্ছেন ২০২৪ সালের ব্যালন ডি'অর জয়ী এই তারকা। রিয়াল মাদ্রিদের শক্তিশালী আগ্রহকে পাশ কাটিয়ে শৈশবের স্বপ্ন পূরণে রদ্রির এই বার্সেলোনা সফর ফুটবল বিশ্বে দারুণ আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার বার্সেলোনা বিমানবন্দরে পা রাখার পর থেকেই উচ্ছ্বসিত ছিলেন ৩০ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার। সেখানে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি প্রকাশ করে রদ্রি বলেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। গত কয়েকটা দিন বেশ চাপের মধ্য দিয়ে কেটেছে, তবে শেষ পর্যন্ত সবকিছুর সুন্দর সমাধান হওয়ায় ভালো লাগছে। বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়ে খেলা আমার জন্য সব সময়ই একটি স্বপ্ন ছিল।’ 

জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থ আগে থেকেই বার্সেলোনায় থাকায় মানিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন তিনি। নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে রদ্রি আরও যোগ করেন, ‘কাল (মঙ্গলবার) সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ হবে। এখন মূল কাজ হলো মাঠে নামা এবং নিজের সেরাটা দেওয়া। আমরা চ্যাম্পিয়নস লিগসহ সামনে আসা সম্ভাব্য প্রতিটি শিরোপা জয়ের জন্য লড়ব।’ 

ম্যানচেস্টার সিটির হয়ে ৪টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১২টি বড় শিরোপা জেতা রদ্রি ইনজুরির ধাক্কা কাটিয়ে এই গ্রীষ্মে বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন।

ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া রদ্রির দলবদলটি কেবল একটি সাধারণ ট্রান্সফার নয়, বরং গ্রীষ্মকালীন বাজারের অন্যতম আলোচিত এক ঘটনা। স্প্যানিশ এই মিডফিল্ডারকে নিজেদের তাঁবুতে টানতে লোভনীয় প্রস্তাব নিয়ে মুখিয়ে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালও। তবে লস ব্লাঙ্কোসদের সমস্ত আগ্রহ ও জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে রদ্রি নিজেই বেছে নেন বার্সেলোনাকে।

চলতি গ্রীষ্মকালীন দলবদলে কেবল রদ্রিকেই নয়, স্কোয়াডের শক্তি বহুগুণ বাড়িয়ে নিয়েছে বার্সেলোনা। দীর্ঘ দিন পর ক্লাবে ফিরেছেন পরীক্ষিত ডিফেন্ডার জোয়াও ক্যানসেলো। পাশাপাশি আক্রমণভাগ ও মিডফিল্ডকে আরও ধারালো করতে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে অ্যান্থনি গর্ডন, কারিম আদিয়েমি এবং জেসে বিসিউয়ের মতো প্রতিভাবান ও গতিশীল তারকাদের।